‘শিক্ষার জন্য সুদূর চীন দেশে যাও’— মহানবী (সা.)-এর এই বাণীকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে জ্ঞান অর্জন ও অভিজ্ঞতা সঞ্চয়ে বিশ্ব ভ্রমণে নেমেছেন আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মো. শাকিব উদ্দিন।
দেশ ও মানুষের জন্য কাজের পাশাপাশি নিজেকে সময়োপযোগী রাখতে নিয়মিত ভ্রমণ ও অভিজ্ঞতা বিনিময়ে বিশ্বাসী এই তরুণ ইতোমধ্যে মালয়েশিয়া, মালদ্বীপ, দুবাই, মিশর, সিঙ্গাপুর, নেপাল, কিরগিজস্তান, আজারবাইজান, তুরস্ক, কাতার, কুয়েত এবং প্রতিবেশী দেশ ভারতসহ একাধিক দেশ ভ্রমণ করেছেন।
তার লক্ষ্য ২০২৬ সালের মধ্যে বিশ্বের ১০০টি দেশ ভ্রমণ করা।
ঢাকায় জন্মগ্রহণ করলেও সেনা কর্মকর্তা বাবা মো. জহির উদ্দিন ভূইয়ার চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানে বেড়ে ওঠেন শাকিব উদ্দিন। মা শাহিনূর খানমের স্নেহে বেড়ে ওঠা শাকিবের শৈশব ও কৈশোর কেটেছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, টাঙ্গাইল ও ময়মনসিংহ সেনানিবাস এলাকায়।
বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।
ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ ও আর্থিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আমিরাত সরকারের সম্মানসূচক দীর্ঘমেয়াদি ‘গোল্ডেন ভিসা’ অর্জন করেছেন। গোল্ডেন ভিসাধারীরা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বসবাস, কাজ ও বিনিয়োগের সুযোগ পান। প্রবাসে তাঁর এই অর্জন প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্যোক্তা শাকিব উদ্দিন জানান, তিনি শুধু ব্যবসায়িক সাফল্য নয়, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনে বিশ্বাসী। দুবাইয়ে পরিচালিত তাঁর প্রতিষ্ঠানে বহু বাংলাদেশি কর্মী কাজের সুযোগ পেয়েছেন, যা প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে তাঁর নিজস্ব প্রতিষ্ঠান ‘গ্লোবাল ট্রেড’-এর তত্ত্বাবধানে কক্সবাজারের ঐতিহাসিক পর্যটন এলাকায় নির্মিত হতে যাচ্ছে ‘ক্রাউন বে ফাইভ স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট’। প্রস্তাবিত এই অভিজাত রিসোর্টে প্রায় ১,০০০ কক্ষ থাকার পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক মানের এই রিসোর্টে প্রায় ১০০টিরও বেশি নাগরিক সুবিধা সংযোজনের কথা জানানো হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাসিক ৮,০০০ থেকে ১০,০০০ টাকা কিস্তির ভিত্তিতে মধ্যবিত্ত বিনিয়োগকারীরাও এ রিসোর্টের অংশীদার হওয়ার সুযোগ পাবেন। রিসোর্টটিতে পাঁচ তারকা মানের আবাসন সুবিধার পাশাপাশি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মাদ্রাসা, মসজিদ, জিমনেশিয়াম, সুইমিংপুল, রেস্তোরাঁ ও কিডস জোনসহ বিভিন্ন সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের দাবি, ‘ক্রাউন বে ফাইভ স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট’ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ১০ হাজার বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে।
তরুণ উদ্যোক্তা শাকিব উদ্দিনের এই বিশ্বভ্রমণ, বিনিয়োগ ও কর্মসংস্থানমূলক উদ্যোগ দেশীয় অর্থনীতি ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।