ভোলায় ১টি আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা ও ৪টি দেশীয় অস্ত্রসহ ৩ কুখ্যাত ও দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১৫ নভেম্বর)দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১.২০মিনিট হতে ভোর ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ১নং মদনপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত এলাকা হতে ৩ জন দুর্ধর্ষ সন্ত্রাসী মফিজ মাল (৩৬), মো. মামুন মাল (২২) এবং মো. শামীম মাল (১৯) কে ১টি আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা ও ৪টি দেশীয় অস্ত্র (৪ টি রামদা) সহ আটক করা হয়।
আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিল।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত দুর্ধর্ষ সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।