রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অভিজিৎ হালদার (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ উঠেছে।
এসময় হাসপাতালের প্রধান ফটক আটকে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। রবিবার (২৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় মাহবুবুর রহমান কলেজ, ধনিয়া কলেজসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থী হাসপাতালের সামনে জড়ো হন। এসময় তারা স্লোগান দিয়ে হাসপাতালের নামফলকসহ গেট ভাঙচুর করেন।
পরিস্থিতি স্বাভাবিক আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, অভিজিত হাওলাদার ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তির দুইদিন পর ১৮ নভেম্বর মারা যান। মারা যাওয়ার পর ১০ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
অপরদিকে হাসপাতালের পক্ষে নিহত শিক্ষার্থী নেশাগ্রস্ত ছিল বলে পাল্টা অভিযোগ করেন।
এ বিষয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) ডা. রেজাউল হক গণমাধ্যমকে বলেন, অভিজিৎ হালদারের মৃত্যুর বিষয়ে ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় পুরান ঢাকার বেশ কিছু এলাকায় যানজট দেখা যায়। আশেপাশের এলাকাগুলোতেও থমথমে বিরাজ করে।