বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য এবং এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তাগাদা দেন।
উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। শহীদদের রক্তস্নাত এ পললভূমিকে একটি সমৃদ্ধ স্বদেশে পরিণত করার মধ্য দিয়েই এ বিপ্লবের সফলতা নির্ভর করবে।
বিমানবন্দরসমূহের সেবার মান আরও বৃদ্ধি, বিমান বাংলাদেশের যাত্রীসেবা, ফ্লাইট শিডিউল ঠিক রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দেশের পর্যটন আকর্ষণীয় স্থানগুলোকে ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত করার যথাযথ উদ্যোগ এবং কক্সবাজার বিমান বন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানান এ এফ হাসান আরিফ।
মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা, আব্দুন নাসের খান, ফাতেমা রহিম ভীনা, মো. আনিসুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে নবনিযুক্ত উপদেষ্টা মন্ত্রণালয়ে এসে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।