দেশের অন্যতম পর্যটন স্পট পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পাশ্ববর্তী এলাকার আইন-শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি এবং এইসব এলাকায় পার্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।‘

এর আগে গত ২৪ সেপ্টেম্বর থেকে সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করছে প্রশাসন। পরে তা দুই দফায় বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত করা হয়। পরবর্তীতে গত ৩ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে প্রশাসন। এতে কার্যত বন্ধ হয়ে যায় দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্র।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দীর্ঘ এক মাসের অধিক সময় বন্ধ থাকার পর ৫ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে রাঙ্গামাটির এই পর্যটন স্পট।
রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, দুই আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার একদিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করে নির্দেশনা দেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেয়া হবে। যারা সেখানে অবস্থান করছেন তাদের বুধবার নিরাপদে ফিরিয়ে আনা হবে।
জানা গেছে, এলাকা নিয়ন্ত্রণে বিগত কয়েকদিন ধরে সাজেক ও মাচালং এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইপিডিএফ’র মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।