আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে জমা পড়া আপিল আবেদনের শুনানি আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনে (ইসি) এ পর্যন্ত মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। টানা ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে।
কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম দিন শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হবে। এরপর রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। বাকি আপিলগুলোর শুনানির তারিখ ও সময়সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
জানা গেছে, গতকাল শুক্রবার ছিল আপিল জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আবেদনকারীরা নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে আপিল আবেদন জমা দেন।
এখন পর্যন্ত জমা পড়া ৬৪৫টি আপিলের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থীদের। এক শতাংশ ভোটারের সমর্থন পূরণে ব্যর্থতা, সমর্থনকারী স্বাক্ষরের গড়মিল, ঋণখেলাপি হওয়া এবং অসম্পূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল।
নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রুটি সংশোধনের জন্য আবেদনকারীদের সুযোগ দেওয়া হয়েছিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।