আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র জানিয়েছে, ওই দিন থেকেই তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সরাসরি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন।
এরই অংশ হিসেবে তারেক রহমান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় পথসভা করবেন। ঢাকা-সিলেট মহাসড়কের পাশের তিনটি নির্ধারিত স্থানে এসব পথসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সমন্বিতভাবে মাঠে নেমেছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি সভা ও সাংগঠনিক তৎপরতা।
নির্ধারিত তিনটি স্থানের মধ্যে রূপগঞ্জ উপজেলায় সবচেয়ে বড় পরিসরে পথসভা আয়োজনের পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু গণমাধ্যমকে জানান, লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতির লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে। শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবক দলসহ দলীয় কর্মীরা দায়িত্ব পালন করবেন।
সোনারগাঁ উপজেলায় পথসভা ঘিরে প্রস্তুতির দায়িত্বে রয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তার নেতৃত্বে স্থানীয় পর্যায়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি পোস্টার, ব্যানার ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে।
অন্যদিকে আড়াইহাজার উপজেলায় নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক জনসংযোগ চালাচ্ছেন। পথসভায় সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করাই এই প্রস্তুতির মূল লক্ষ্য বলে জানিয়েছেন নেতারা।
জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা যৌথভাবে ধারাবাহিক প্রস্তুতি সভা করছেন। এসব সভায় জনসংযোগ কৌশল, সাংগঠনিক দায়িত্ব বণ্টন এবং কর্মসূচি বাস্তবায়নের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
দলীয় নেতাদের আশা, তারেক রহমানের এই পথসভাগুলো নারায়ণগঞ্জে বিএনপির নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।