বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নির্দেশনার ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা নতুন করে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না।
বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দেশটির সরকারি সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন, মূলত তাঁদের প্রবেশ ঠেকাতেই এই নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে জরুরি নির্দেশনা পাঠিয়েছে, যেখানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে জানান, বর্তমানে ভিসা প্রদান ও যাচাই-বাছাইয়ের পুরো প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। এই পুনর্মূল্যায়ন চলাকালীন তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের কোনো আবেদন গ্রহণ করা হবে না।
তিনি আরও বলেন, বিদেশি নাগরিক হয়েও যারা যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ, কল্যাণ ভাতা বা অন্যান্য সামাজিক সুবিধার ওপর নির্ভর করতে পারেন, তাঁদের প্রবেশ বন্ধ রাখাই বর্তমান প্রশাসনের অগ্রাধিকার। তবে এই স্থগিতাদেশ কত দিন কার্যকর থাকবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ৪ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে ১২০টি দেশের একটি তালিকা প্রকাশ করেন, যেখানে দেখানো হয় কোন দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সবচেয়ে বেশি সরকারি সহায়তা গ্রহণ করছে। ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম।
তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর প্রায় ৫৪ দশমিক ৮ শতাংশ কোনো না কোনোভাবে সরকারি সুবিধা গ্রহণ করে থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটান তালিকাভুক্ত হলেও ভারত ও শ্রীলঙ্কা এতে অন্তর্ভুক্ত নয়।
ফক্স নিউজ প্রকাশিত ৭৫ দেশের পূর্ণাঙ্গ তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে রাশিয়া, পাকিস্তান, ইরান, ইরাক, মিশর, আফগানিস্তান, আলবেনিয়া, ব্রাজিল, কিউবা, ইথিওপিয়া, নাইজেরিয়া, সিরিয়া, উজবেকিস্তান ও ইয়েমেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের নাম।
নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান আইনের আওতায় কনস্যুলার কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশের নাগরিকদের কোনো ধরনের ভিসা ইস্যু করতে পারবেন না।
এই আকস্মিক সিদ্ধান্তের ফলে হাজার হাজার শিক্ষার্থী, পর্যটক ও অভিবাসন প্রত্যাশী অনিশ্চয়তার মুখে পড়েছেন, যা বৈশ্বিক অভিবাসন ও ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: ফক্স নিউজ