পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল।
রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা ইসি ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় তারা নানা স্লোগান দেন এবং নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ জানান।
আন্দোলনকারীদের অভিযোগ, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক এমনভাবে রাখা হয়েছে, যা স্পষ্ট পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয়। ছাত্রদল নেতাকর্মীরা বলেন, পোস্টাল ব্যালটসহ নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়মের প্রতিবাদেই তাদের এই কর্মসূচি।
এর আগে ছাত্রদলের শীর্ষ নেতারা নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেন। পরে আশপাশের এলাকাতেও সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। তারা জানান, দাবি আদায়ে আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন আজ। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলবে।