July 28, 2026, 7:04 am

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫

মিডিয়া ভয়েস ডেস্ক

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আগুন নিয়ন্ত্রণে আনতে ও উদ্ধারকাজ চালাতে রোববার সকাল পর্যন্ত হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে করাচির এমএ জিন্নাহ রোডে অবস্থিত গুল প্লাজা নামের শপিং মলে আগুনের সূত্রপাত হয়। রোববার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম *দ্য ডন* এ তথ্য জানিয়েছে।

করাচির দক্ষিণাঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ আসাদ রাজা জানান, সর্বশেষ তথ্যে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রেসকিউ ১১২২-এর মুখপাত্র হাসানুল হাসিব খানও মৃতের সংখ্যা পাঁচ বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার ভোর পর্যন্ত আগুন মাত্র ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এর আগে সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক ডা. সাবির মেমন জানান, তিনটি মরদেহ হাসপাতালে আনা হয়, যাদের সবাই আগুনের ঘটনায় ঘটনাস্থলেই মারা যান।

উদ্ধারকর্মীরা জানান, গুল প্লাজায় প্রায় ১ হাজার ২০০টি দোকান রয়েছে। এসব দোকানে ক্রোকারিজ, পোশাক, বৈদ্যুতিক সামগ্রী, প্রসাধনী ও পারফিউমসহ বিপুল পরিমাণ দাহ্য পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।

আজ রোববার সকালে আগুন নেভাতে বিভিন্ন সংস্থার অন্তত ২০টি ফায়ার টেন্ডার কাজ করছিল। তবে ভবনটি অত্যন্ত পুরোনো হওয়ায় আগুনের তাপে যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে উদ্ধার অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে রেসকিউ ১১২২।

এদিকে উদ্ধার অভিযানে অংশ নেওয়া এধি ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, আগুনের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়েছে।

গার্ডেন সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) মোহসিন রাজা প্রাথমিকভাবে জানান, কোনো একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো মার্কেটে ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিন্ধুর গভর্নর কামরান তেসোরি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অগ্নিনির্বাপণ কার্যক্রম ও ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।



Our Like Page