নাগরিক অধিকার ও গণতন্ত্রের স্বার্থে আগামী জাতীয় নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করা সম্ভব।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার বারবার বাধাগ্রস্ত হয়েছে।
জামায়াত আমীর আরও বলেন, দুর্নীতিবিরোধী অবস্থান, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং প্রয়োজনীয় সংস্কারের পক্ষে থাকা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আগামীর গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামী একসঙ্গে কাজ করতে প্রস্তুত।
একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।