June 4, 2026, 6:55 pm

জুলাই গণঅভ্যুত্থান

চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ

মিডিয়া ভয়েস ডেস্ক

গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয় শিক্ষার্থী হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। চব্বিশের আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলাগুলোর মধ্যে এটিই প্রথম রায়। একই সঙ্গে জুলাই-আগস্টের হত্যাকাণ্ড সংক্রান্ত মামলাগুলোর দ্বিতীয় রায় এটি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন।

প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন— শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন এবং মো. নাসিরুল ইসলাম।

পলাতক চার আসামি হলেন— ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত বছরের ২৪ ডিসেম্বর আট আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।

এদিকে, রায়ের পুরো কার্যক্রম রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউটর।



Our Like Page