পবিত্র রমজান মাসে দেশের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) খোলা থাকবে নাকি পুরো মাস বন্ধ থাকবে— এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। শিক্ষা মন্ত্রণালয়ের করা আপিলের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুনানির মাধ্যমে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করে রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয়। তবে পুরো রমজান মাসে বিদ্যালয় বন্ধ রাখার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হলেও তাতে সাড়া না পাওয়ায় বিষয়টি আদালতে গড়ায়। পরে এক আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন।
রিটের শুনানি শেষে হাইকোর্ট সম্ভাব্য রোজা শুরুর তারিখ ১৮ ফেব্রুয়ারি থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। এ আদেশের পর শিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়ে ছুটি ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছিল।
তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করে শিক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালত রমজান মাসে স্কুল বন্ধ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনার ওপর স্থগিতাদেশ দেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ প্রদান করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা। অন্যদিকে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মণ্ডল এবং অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
আজকের শুনানির পরই স্পষ্ট হবে, রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়গুলো স্বাভাবিকভাবে চালু থাকবে, নাকি পুরো মাস ছুটি ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে এ সিদ্ধান্ত ঘিরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।