রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেইসঙ্গে আরও চারটি দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব দাবি তোলেন হাসনাত।
পোস্টে হাসনাত লেখেন, “আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।”
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবি জানিয়েছিল ‘সিটিজেনস রাইটস মুভমেন্ট’ নামের একটি সংগঠন। এবার দ্বিতীয় দফায় অপসারণ চাইলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।
গত ২৮ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান সংগঠনটির নেতারা। সেদিন ১৭টি দাবি জানানো হয়। যার মধ্যে তৃতীয় দাবিটি ছিল- পতিত সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে হবে।