দীঘ আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। আজ রবিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দর থেকে বেরিয়ে শুরুতেই বেবি নাজনীন জুলাই আগস্টের আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া অন্তর্বর্তী সরকারপ্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আশাবাদী বলেও জানান।
তিনি বলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে শহিদ ছাত্রজনতার প্রতি বিনম্র শ্রদ্ধা। আহত ভােইবোনদের প্রতি সমবেদনা। তাদের আত্মত্যাগে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। পতন হয়েছে বাংলাদেশের বুকে জেঁকে বসা জগদ্দল পাথর শেখ হাসিনা সরকারের। দীর্ঘ ১৬ বছর পর বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে বাংলাদেশের মানুষ, কথা বলতে পারছে স্বাধীনভাবে।
এসময় সাংবাদিকরা তার রাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বেবী নাজনীন বলেন, আমি রাজনীতির সঙ্গেই আছি। মিডিয়াকর্মী হিসেবে আপনাদের সঙ্গেও আছি। কেবল দেশে ফিরেছি। আমার পরিকল্পনার কথা আপনাদের জানাব।
উল্লেখ্য, সাড়ে চার দশকের ক্যারিয়ার জীবনে বেবী নাজনীন গান গেয়েছেন অর্ধশতাধিক একক ও অসংখ্য দ্বৈত অ্যালবামে। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে কাল সারারাত ছিল স্বপনেরও রাত, দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, বন্ধু তুমি কই রে, সারা বাংলায় খুঁজি তোমারে, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে ইত্যাদি।