August 4, 2026, 3:24 pm

‘লাল গোলাপ’ নিয়ে আবারো ফিরছেন শফিক রেহমান

দীর্ঘ প্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে আবারো বেসরকারি টেলিভিশনের পর্দায় ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। ইতোমধ্যে অনুষ্ঠানটির দুইটি পর্ব রেকর্ডিং হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি এই বর্ষীয়ান সাংবাদিক।

তিনি বলেন, প্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠানের দুটি পর্বের রেকর্ডিং করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী পহেলা ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে।

শফিক রেহমান সাপ্তাহিক যায়যায়দিন এবং পরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। ‘মৌচাকে ঢিল’ নামে একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা করেও আলোচিত হয়েছেন। তবে টেলিভিশনে ‘লাল গোলাপ’ অনুষ্ঠানটি উপস্থাপনা করে তুমুল জনপ্রিয়তা পান তিনি।

শফিক রেহমান লেখক, সম্পাদক, টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবেও কাজ করেছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিটিভিতে ‘লাল গোলাপ’ প্রচার হয়েছে। এই অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথিকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেন। পরে ২০১০ সাল থেকে বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচার হতে দেখা যায়।



Our Like Page