মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি ও কালের কণ্ঠের শ্রীবরদী প্রতিনিধি এবং শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রেজাউল করিম বকুলের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক রেজাউল করিম বকুলের (৫৪) মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)
রবিবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে স্থানীয় গেরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় সাংবাদিক বকুলের জীবনকর্মের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাদাল, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে শেরপুর প্রেস ক্লাব এবং বিভিন্ন উপজেলা প্রেস ক্লাব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কবি সংসদ ও সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোকপ্রকাশ করা হয়েছে।