July 28, 2026, 11:23 am

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ, সেই যুবলীগ নেতা কারাগারে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনালাপ এবং বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৭ নভেম্বর) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারের পাঠানো হয়েছে।

এর আগে (রবিবার) দুুুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম।

জানা যায়, গত শুক্রবার ভোরে নওগাঁর মান্দা উপজেলার তার বোনের বাসা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেফতার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার সহযোগিরা মিলে গত ৩ আগস্ট গোবিন্দগঞ্জ থানা বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন।

ওইদিন থেকে তিনি ও তার লোকজন আত্মগোপনে চলে যান। এরপর তিনি গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেন। সেই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের নজরে এলে পুলিশ তাকে গ্রেফতারের তৎপরতা চালাতে থাকে।

এর প্রেক্ষিতে গত শুক্রবার ভোরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার মান্দা উপজেলার তার বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন শনিবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়। তবে জাহাঙ্গীরের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের সেই ক্লিপটি তার ফেসবুক একাউন্টে খুঁজে পাওয়া যায়নি। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে।

 



Our Like Page