নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্স। টেক্সাসের ব্রাউনসভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে এ রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। খবর বিবিসির।
স্পেস এক্সের এটি ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই রকেট উৎক্ষেপণ দেখেন হবু মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তার সঙ্গে ছিলেন মাস্ক। মাস্কের কোম্পানির দাবি, তাদের পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ সফল হয়েছে।
ট্রাম্পের প্রেসিডেন্ট প্রচারণায় লাখ লাখ ডলার সহায়তা দিয়েছেন মাস্ক। একসঙ্গে জনসভা করেছেন। ট্রাম্প বলেছিলেন, মাস্ককে তার প্রশাসনে বড় ভূমিকা দেবেন যাতে সরকারি দক্ষতা বৃদ্ধি পায়। সেই কথা অনুযায়ী নতুন গঠিত মন্ত্রণালয় ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্ব তাকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।.
এই স্টারশিপ মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। এ সময় এটিকে আবার যথাযথভাবে লঞ্চপ্যাডে ফিরিয়ে আনার কথা ছিল। এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবার এ সাফল্য পেয়েছিল স্পেস এক্স। তবে পরে কারিগরি কারণে এ সিদ্ধান্ত থেকে সরে আসে প্রতিষ্ঠানটি।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্পেস এক্স পরে স্টারশিপ বুস্টারটি ধরার পরিকল্পনা বাদ দেয়। এটি সমুদ্রে পড়তে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেটি মেক্সিকো উপসাগরে পড়েছে।
মহাকাশে প্রায় এক ঘণ্টা থাকার পর স্টারশিপ পৃথিবীতে ফিরে আসবে। এটি ভারত মহাসাগরে পড়বে। তবে স্পেস এক্স বলছে, এবার তাদের রকেটে কোনো নভোচারী নেই। তবে সেখানে একটি কলা বেঁধে দেয়া হয়।