হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচদিন ও ভোলার সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া সালমান এফ রহমান, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদারকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকাল ৮টার কিছু পর আসামিদের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয় ঢাকা চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।
এরপর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের ১০ এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য জ্যাকবের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
পক্ষান্তরে আসামিপক্ষের আইনজীবী জানান তারা রূপনগর বা উত্তরার বাসিন্দা বা সংসদ সদস্য নয়। তারা কখনও এই এলাকায় আসেনও নাই। শুধুমাত্র হয়রানি করতে তাকে এই মামলার আসামি করা হয়েছে। রিমান্ড আবেদনের বিরোধিতা করেন তারা।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের ৫ ও জ্যাকবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, উত্তরা পূর্ব এবং পশ্চিম থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান ও দীপু মনিকে।