July 30, 2026, 2:04 am

ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ ভাঙচুর ইটপাটকেল

জুঁই

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে কয়েকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। এসময় তারা বিক্ষোভ, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল ও বিভিন্ন ভবনে ভাঙচুর চালান।

এর আগে বুধবার ঢাকার দয়াগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শতাধিক রিকশাচালক। তিন ঘণ্টা ধরে জমায়েতের পর তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করতে চাইলে পুলিশ বাঁধা দিলে, হামলা চালায়। তাদের হামলায় ট্রাফিক পুলিশের এক সার্জেন্টসহ কয়েকজন আহত হয়েছেন। আহত সার্জেন্ট বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে মহাখালী, মোহাম্মদপুর তিন রাস্তা মোড়, মিরপুর ১ (সনি হলের সামনে), বেড়িবাঁধ সড়ক, শেওড়াপাড়া, আগারগাঁও, ডেমরাসহ বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে রিকশাচালকরা বিক্ষোভ করছেন।

এ সময় অফিসগামীরা পড়েছেন বিপাকে। কেউ হেঁটে অফিস যাচ্ছেন। আবার কেউ উত্তপ্ত পরিস্থিতিতে গন্তব্যে ফিরে যাচ্ছেন। তবে রিকশা চালকরা বলছেন, ‘আমরা এম্বুলেন্স, স্কুলগামী গাড়িসহ অসুস্থদের গাড়ি যেতে কোন বাঁধা দিচ্ছি না।’

এসময় মহাখালী রেললাইনে বিক্ষোভকারীদের সরাতে পুলিশকে হিমসিম খেতে দেখা যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী নামেন। তাদের লাঠিচার্জে কিছুটা পিছু হটলেও বিক্ষুব্ধ অটোরিকশা চালকরা সেনাবাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি আরো খারাপ করে তোলেন।

এ অবস্থায় আশেপাশে এলাকাগুলোতে পথচারীরা ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি করছে। এসময় বিক্ষোভকারীরা মহাখালীর প্রধান সড়কের পাশে বেশকিছু ভবনে হামলা করতেও দেখা গেছে।

এর আগে (১৯ নভেম্বর) ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাটারিচালিত রিকশা চালকরা রাস্তায় বিক্ষোভ শুরু করেন।

উল্লেখ্য, বর্তমানে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। তবে এসব ব্যাটারিচালিত অটোরিকশা কীভাবে বৈধতা নিয়ে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে! এ নিয়েও রয়েছে নানা অভিযোগ।

সবশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মঙ্গলবার (১৯ নভেম্বর) ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

 



Our Like Page