জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ ভর্তি পরীক্ষা হবে পাঁচটি ইউনিটের আলাদা তিন শিফটে। থাকছে না সেকেন্ড টাইম (দ্বিতীয়বার) ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ বা ২০২২ সালে এসএসসি/সমমান ও ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
শিক্ষার্থীরা আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১.৫৯টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে।