অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশে নির্বাচন বিলম্বিত হলে আবারও সমস্যা সৃষ্টি হতে পারে। তাই আর দেরি নয়। দেরি করলেই ষড়যন্ত্র শুরু হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনে ব্যবস্থা করুন।
রবিবার (২৪ নভেম্বর) প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, সরকারের কাছে সবাই দাবি করে। তবে এমন কোনো দাবি করা উচিত নয় যাতে জনগণের মনে অশান্তি সৃষ্টি হয়। জনগণের জন্য যেসব দাবি, সেসব দাবিগুলো নিয়ে কথা বলার অধিকার ৫ আগস্টের পরে এ সরকার দিয়েছে।
দুই হাজারের ওপরে ছাত্র-জনতা রক্ত দিয়ে আমাদের কথা বলার অধিকার দিয়েছে। তাই এই সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয়।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে সাবেক এই চিপ হুইপ আরও বলেন, আমরা তো আপনাদের বিরোধী না। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। সরকারের কাছে আমাদের দাবিও রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের ওপর যে জুলুম নির্যাতন করেছে। হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি। কবরস্থানে ঘুমিয়েছি। সেখানেও পুলিশ আমাদেরকে গ্রেফতার করেছে, জুলুম-নির্যাতন করেছে।
সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে। যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন। তারা তাদের ভোট দিতে পারবে। তাদের পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করতে পারবে। তাই আর দেরি নয়। দেরি করলেই ষড়যন্ত্র শুরু হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনে ব্যবস্থা করুন।