ঝিনাইদহের আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার ও তাহজীব আলম সিদ্দিকীকে জামিন দিয়েছেন আদালত।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এমরান চৌধুরী আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর বিকাল সাড়ে ৫ টার দিকে সাবেক দুই এমপি কারামুক্ত হন। তাদের জামিন পাওয়ার সত্যাতা নিশ্চিত করেছেন বিবাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট শামসুজ্জামান তুহিন।
জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর নাশকতা মামলার আসামি ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দারকে শহরের আরাপপুরের বাসা থেকে গ্রেফতার করে র্যাব। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
অপরদিকে গত ৭ নভেম্বর ঢাকার নবীনগর থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলমকে গ্রেফতার করে র্যাব। তাঁর বিরুদ্ধে ঝিনাইদহ জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সালাম হত্যা মামলা ও বিএনপি নেতার বাড়ি ও অফিস পোড়ানো দুটি মামলা রয়েছে। এ মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।