July 30, 2026, 3:00 pm

বিএনপি নেতার খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

আজ রোববার (২৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে জেলা জজ কোর্ট আদালতের সামনের সড়কে নিহতের স্বজন ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

সমাবেশে বক্তব্য রাখেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের মাস্টার, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, নিহত আবদুল মতিন তোতার ছেলে চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা।

বক্তারা বলেন, আবদুল মতিন তোতা চেয়ারম্যান দুর্দিন দুঃসময়ে চরএলাহী ইউনিয়নে বিএনপির নেতাকর্মিদের সংগঠিত করে রাখেন। ৫ আগস্ট পরবর্তী ফ্যাসিবাদের দোসররা তাকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৩ জন আসামি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। একজন আসামিকে নিহতের স্বজনেরা আটক করে পুলিশে সোপর্দ করে। এখন পর্যন্ত পুলিশ এই মামলার একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি। উল্টো মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাককে বাঁচাতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুস সুলতান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার চালাচ্ছে পুলিশ। মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

গত ২৭ আগস্ট রাতে চরএলাহী বাজারে একদল অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসররা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার চারদিন পর গত ৩০ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



Our Like Page