August 5, 2026, 12:25 am

বিএনপির নেতাকে পিটিয়ে হত্যা, সাবেক চেয়ারম্যানকে গণপিটুনি দিল বিক্ষুব্ধ জনতা

রাজধানীর ভাটারা থানা এলাকায় আত্মগোপনে থাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।

আব্দুর রাজ্জাক একই ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম আসামি।

গতকাল রোববার রাত ৯টার দিকে তাকে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, গত ২৭ আগস্ট বিএনপি নেতা তোতাকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করার পর গা ঢাকা দেন সাবেক চেয়ারম্যান রাজ্জাক। এরপর তিনি রাজধানীর ভাটারা থানা এলাকার একটি অ্যাপার্টমেন্টে আত্মগোপনে থাকতে শুরু করেন। রবিবার বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলার এক বাসিন্দা রাজ্জাকের অবস্থানের বিষয়টি আঁচ করতে পারেন।

গত ২৭ আগস্ট রাতে চরএলাহী বাজারে একদল অস্ত্রধারী দুবৃত্ত সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার চারদিন পর গত ৩০ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিএনপি নেতা তোতা হত্যা মামলার আসামি রাজ্জাককে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহতের পরিবারের অভিযোগ, এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও নিদের্শদাতা ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক চেয়ারম্যান। এ নিয়ে ফেসবুকে রাজ্জাক চেয়ারম্যানের কথোপকথনের একটি অডিও ক্লিপ ভাইরালও হয়।

পরে রাজ্জাক চেয়ারম্যানের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে একাধিক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।



Our Like Page