রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, আনিসুল হক ও সোলায়মান সেলিমের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগেও তারা একাধিক মামলায় রিমান্ডে ছিলেন।
বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকার সিএমএম আদালতের বিচারক এ আদেশ দেন।
লালবাগ থানায় করা হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে চকবাজার ও লালবাগ থানার হত্যায় করা হত্যা মামলায় সোলায়মান সেলিমের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এরইমধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড দেয়া হয়েছে।
এর আগে সকালে অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে ৩ দিন মঞ্জুর করেন আদালত। এদিকে আবার লালবাগ থানার হত্যা মামলায় ৪ ও চকবাজার থানার হত্যা মামলায় সোলায়মান সেলিমের ৩ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
সকালে বিভিন্ন থানার হত্যা মামলায় নতুন করে গ্রেফতার আবেদন করে আদালতে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে।
এছাড়া যাত্রাবাড়ী, বংশাল, আদাবর, কোতোয়ালি, শাহবাগ, লালবাগ থানার বিভিন্ন হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সোলায়মান সেলিম, জুনায়েদ আহমেদ পলক, দিপু মণি, আনিসুল হক, সালমান এফ রহমান, সাদেক খান, এবিএম ফজলে করিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মনিরুল ইসলাম, আ স ম ফিরোজ, মশিউর রহমান ও আমীর হোসেন আমুকে গ্রেফতার দেখানো হয়েছে।