জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, বিদেশি সবাই বন্ধু কেউ প্রভু নয়। আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই। যে বাংলাদেশ বিদেশি সবাইকে বন্ধু হিসেবে দেখবে, কাউকেই প্রভু হিসেবে মেনে নেবে না। যে দিকে হাত বাড়বো সেদিকে বন্ধুর হাত পেতে চাই, কোনো আগ্রাসী হাত দেখতে চাই না।
রবিবার (১ ডিসেম্বর) সকালে খুলনা মহানগরীর খানজাহান আলী থানা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সম্মেলনে থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি ছিলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা এমরান হুসাইন, মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যাপক মাহ্ফুজুর রহমান, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
ডা.শফিকুর রহমান বলেছেন, আমরা সুশৃঙ্খল শান্তিপ্রিয় বাংলাদেশ কামনা করলেও কেউ কেউ আছে আমাদেরকে এক মিনিটও শান্তিতে থাকতে দিতে চায় না। আমাদের শান্তি কেড়ে নিতে চায়। তাই আমাদের আকাশে মাঝে মাঝে কালো মেঘ, আবার কখনো কালো শকুনের ছায়া দেখা যায়। আমাদের এ ব্যাপারে চৌকস দৃষ্টি দিয়ে খেয়াল রাখতে হবে।