সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে আসার পর সকালে বিভিন্ন গেটের সামনে এসে অপেক্ষারত ছিলেন হাজার খানেক কর্মকর্তা-কর্মচারী। নিরাপত্তার বিষয় সামনে রেখে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপর সকাল প্রায় ১০টার দিকে ৫ নম্বর গেট দিয়ে প্রবেশের অনুমতি দেয়া হয়।
এ ঘটনায় পুরো এলাকায়ই কিছুটা ভীতিকর পরিস্থিতি দেখা গেছে।
প্রেস ক্লাব, সচিবালয় মেট্রোরেল স্টেশন থেকে শুরু করে বিদ্যুৎ ভবন, ওসমানী উদ্যান, খাদ্য ভবনের সামনে অপেক্ষারত কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রবেশের অপেক্ষা করছিলেন। ৫নং গেট দিয়ে প্রথমে নারী কর্মকর্তা কর্মচারীরা ভেতরে প্রবেশ করেন, তারপর বাকিদের প্রবেশ করতে দেয়া হয়।
এর আগে, বুধবার মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়। এ ঘটনায় সচিবালয় এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।