চুয়াডাঙ্গার উত্তরের হিমেল বাতাসের কারণে ঠান্ডা জেঁকে বসেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ।
এর আগে বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, হিম বাতাস বইছে চুয়াডাঙ্গায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মত কুয়াশা ঝরছে। একদিনের ব্যবধানে জেলায় ২ ডিগ্রি তাপমাত্রা হ্রাস পেয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো বাতাস ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।