July 28, 2026, 9:17 pm

সিভিল ড্রেসে ডিবি কাউকে গ্রেফতার করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

মিডিয়া ভয়েস ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সাদা পোশাকে (সিভিল ড্রেস) ডিবি কাউকে গ্রেফতার করতে পারবে না। অভিযানের সময় অবশ্যই নির্ধারিত পোশাক (জ্যাকেট) পরিধান করতে হবে, পরিচয়পত্র দেখাতে হবে। আইনের বাইরে কোনো কাজ করতে পারবেন না। আইনের বাইরে আমিও যদি কোনো আদেশ করি, তারা যেন সেটি ফলো না করেন।’

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে ডিবি কার্যালয়ে আলোচনা হয়েছে।

‘আয়নাঘর’ নিয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী খুনসুটি করে বলেন, ‘আয়নাঘর বলতে কিছু থাকবে না, এখানে ভাতের হোটেল বলেও কিছু থাকবে না। এখন ডিবিকে শুধু একটা অনুরোধ করব যে পুকুরটা আছে (ডিবির সামনে), সেটি আয়নার মতো পরিষ্কার করে দেন। পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার।’

তিনি বলেন, ‘আমি যদি কোনো দুর্নীতি করি, আপনারা (গণমাধ্যমকর্মী) প্রকাশ করে দেন। তবে সত্যি ঘটনা প্রকাশ করেন। যদি কোনো অপকর্ম করি, সেটি বলে দেন।

তবে যেটা করিনি, সেটা বইলেন না। মিথ্যা সংবাদ যেমন- আপনারা ইন্ডিয়ান মিডিয়ারে খুব ভালো কাউন্টার দিয়েছেন। আপনারা সত্যি সংবাদ প্রকাশ করায় সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনারা সত্যি সংবাদ প্রকাশ করায় এখন তারা খুব একটা (মিথ্যা সংবাদ) প্রচার করছে না। এখন অনেকটা কমে গেছে। এ রকমভাবে আপনারা সত্য সংবাদ অবশ্যই প্রকাশ করবেন।’

 



Our Like Page