July 28, 2026, 7:41 pm

রামপুরায় ভবনে ঝুলে থাকা তরুণকে গুলি: অভিযুক্ত এসআই চঞ্চল চন্দ্র গ্রেপ্তার

মিডিয়া ভয়েস ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত জুলাইয়ে রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের জানালায় ঝুলে থাকা এক তরুণকে গুলি করার ঘটনায় অভিযুক্ত পুলিশের এসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার হয়েছেন।

রোববার রাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে তাকে ধরা হয়।

দীঘিনালা থানার ওসি জাকারিয়া গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে অভিযান চালিয়ে চঞ্চলকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট তাদের সঙ্গে ছিল। পুলিশ পাহারায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই পুলিশের হাত থেকে বাঁচতে রামপুরার মেরাদিয়ায় নির্মাণাধীন ভবনে ঝুলে থাকা তরুণকে লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলি করার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ধারণা করা হয়েছিল, যুবকটি আর বেঁচে নেই।

তবে পরে জানা যায়, তিনি বেঁচে আছেন। তাঁর নাম আমির হোসেন। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। গুলিবিদ্ধ হওয়ার পর একজন শিক্ষার্থী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। আমিরের দুই পায়ে মোট ছয়টি গুলি করেছিল পুলিশ। গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এখন তিনি পঙ্গু অবস্থায় জীবন কাটাচ্ছেন।

 



Our Like Page