১ বানরের কারণে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়। স্থানীয় সময় গতকাল রোববার বেলা এগারোটার পর শুরু হওয়া এই বিদ্যুৎ বিভ্রাট স্থায়ী ছিল প্রায় ৩ ঘণ্টা। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শ্রীলঙ্কার একটি বিদ্যুৎ গ্রিডে বানরের অনুপ্রবেশের কারণে এই সমস্যার সূত্রপাত বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী কুমারা জায়াকোদি। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে আসে একটি বানর। এতে করে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে। এ ঘটনার পর প্রকৌশলীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করেন।’
সিলন বিদ্যুৎ বোর্ড (সিইবি) জানিয়েছে, কলম্বোর দক্ষিণের একটি সাব-স্টেশনে জরুরি অবস্থার কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। কয়েক ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। তবে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সিইবি।
তীব্র অর্থনৈতিক সংকটের কারণে ২০২২ সালের গ্রীষ্মে কয়েক মাসব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তির মধ্যে দিয়ে যায় শ্রীলঙ্কা। জ্বালানি সংকটের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো দিনে ১৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সংরক্ষণ করতে বাধ্য হয়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ২ কোটি ২০ লাখ মানুষের এই দ্বীপরাষ্ট্রটিতে হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো জেনারেটর বা ইনভার্টার ব্যবহার করতে বাধ্য হচ্ছে।