July 28, 2026, 2:05 pm

ইসরায়েলের পণ্য বর্জনের ডাক দিলেন ইলিয়াস কাঞ্চন

মিডিয়া ভয়েস ডেস্ক

ফিলিস্তিনে ইসরায়েল বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে সারাবিশ্বে চলছে বিক্ষোভ। এ অবস্থায় দেশটির পণ্য বর্জনের ডাক দিলেন ইলিয়াস কাঞ্চন।

সোমবার (৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণশক্তি সভা আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিসচা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এ আহ্বান জানান।

সমাবেশে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে বিক্ষোভে সামিল হন।

এসময় ইলিয়াস কাঞ্চন তীব্র নিন্দা জানিয়ে বলেন ‘গাজায় যে নৃশংসতা চলছে তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আমাদের গভীরভাবে হতাশ করেছে।’

ইলিয়াস কাঞ্চন সকল মুসলিম দেশকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে ওআইসিকে ঘুমিয়ে না থেকে কার্যকর ভূমিকায় অবতীর্ণ হওয়ার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধবিরতি নিশ্চিত ও মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেন।

সমাবেশে ইলিয়াস কাঞ্চন সকল ইসরায়েলী পণ্য বর্জনের ডাক দিয়ে বলেন, ‘ফিলিস্তিন জাতি ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবে। এই গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। দরকার পুরো মুসলিম বিশ্বের এক হওয়া এবং বর্বর ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা।

পরিশেষে তিনি বাংলাদেশসহ সারা বিশ্বে প্রতিবাদের যে ঝড় উঠেছে তা তুলে ধরে বলেন, খুব বেশি দিন নয় ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। ইলিয়াস কাঞ্চন সারাদেশে শিক্ষার্থীদের পালিত কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বলেন, আমি রাজপথে নেমেছি। আমি থাকবো। শিক্ষার্থীরা যখনই ডাকবে আমাকে তারা পাশে পাবে। আবারও তিনি ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করে সকল মুসলিম শক্তির ঐক্যের আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলন, সাবেক উপমন্ত্রী রফিকুল হক হাফিজ, নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, যুগ্ম মহাসচিব গনি মিয়া বাবুল, নিসচার সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান প্রমুখ।



Our Like Page