মিডিয়া, রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে চাউর ভাসছে ইলিয়াস কাঞ্চনের নতুন রাজনৈতিক দলে কি বার্তা আসছে! নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের পুরোধা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবার আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন।
আগামি শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) এক অনুষ্ঠানে তিনি নতুন এই দলের নাম ঘোষণা করবেন।
এর আগে, বুধবার রাতে (২৩ এপ্রিল) নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ মিডিয়াভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন দল গঠনের উদ্দেশ্য জানতে চাইলে লিটন এরশাদ মিডিয়া ভয়েস২৪ কে বলেন, দলটির নাম হচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’। যেখানে ভোটের অধিকার নিশ্চিতকরণ করা হবে। কারণ বাংলাদেশ সবার জন্য। কারো একার নয়। ভোট নিশ্চিত না হলে কখনোই গণতন্ত্র নিশ্চিত হবে না।
নিসচার ভাইস চেয়ারম্যান আরও বলেন, ভোটের রাজনীতি ও মাঠের রাজনীতির জন্য তারা নির্বাচন করেন। কিন্তু জনগণের জন্য নয়। নিরাপদ সড়ক প্রসঙ্গে নতুন দলটি কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিরাপদ সড়কের ব্যাপারে উদাসীন। ক্ষমতায় যাবার পর তারা নিরাপদ সড়কের বিষয়ে কাজ করেন না। বরং সড়কে চাঁদাবাজির দৌরাত্ম্যে ব্যস্ত হয়ে পড়েন। যার ফলে নিরাপদ সড়কে কোন বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ অসম্ভব হয়ে পড়ে। নতুন দলটি নিরাপদ সড়ক নিশ্চিতে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।
জানা গেছে, নতুন দলটিতে থাকছেন সাবেক প্রতিমন্ত্রী ও এমপি গোলাম সারোয়ার মিলন, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ছাড়াও সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ সব অঙ্গনের লোকজন।
প্রসঙ্গত, সড়কে নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। প্রথমবারের মতো তিনি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেয়ায় জনমনে বেশ আলোচনার সৃষ্টি হচ্ছে।