বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ) বলেছে, রাজধানীর বিয়াম মিলনায়তনে গত ৮ আগস্ট আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন’ শীর্ষক সেমিনার নিয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত নেতিবাচক প্রতিবেদন অ্যাসোসিয়েশনের বক্তব্য নয়।
শনিবার (৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশন জানায়, সেমিনারের মূল প্রবন্ধ ও বিষয়বস্তু থেকে সরে গিয়ে কিছু গণমাধ্যম মাননীয় উপদেষ্টাদের নিয়ে সংবাদ প্রকাশ করেছে, যা বিভ্রান্তিকর এবং আয়োজকদের অবস্থান নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারটি ছিল সম্পূর্ণ একাডেমিক আয়োজন। এতে দেশের জনপ্রশাসনের গতিপ্রকৃতি, প্রত্যাশা, আত্মসমালোচনা এবং গঠনমূলক পরামর্শ নিয়ে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা নিজেদের মতামত দেন। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের চারজন সদস্যও সেখানে তাঁদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। এসব বিষয়ই অ্যাসোসিয়েশনের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল।
বিএএসএ মনে করে, বর্তমান অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং দৃশ্যমান সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অ্যাসোসিয়েশনের মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী (বিভাগীয় কমিশনার, ঢাকা) এবং সভাপতি মো. নজরুল ইসলাম (সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়)।