July 30, 2026, 10:29 am

হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু বাংলাদেশের

মিডিয়া ভয়েস স্পোর্টস ডেস্ক

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৭৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। ২২৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ।

প্রথম ওভারেই পেসার উবাইদ শাহর লেংথ ডেলিভারিতে নাইম শেখ ৪ বলে ৫ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তবে দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও জিসান আলম আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৭৪ রান যোগ করে ম্যাচে ফেরার স্বপ্ন জাগান। জিসান ১৭ বলে ৩৩ রান (৫ চার, ১ ছক্কা) করে মাজ সাদাকাতের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিলে ভেঙে যায় ৮৬ রানের জুটি।

আফিফ হোসেন ধ্রুব রিভার্স সুইপের চেষ্টা করতে গিয়ে ফয়সাল আকরামের বলে ৬ রানে ক্যাচ দেন। সাইফ হাসান ২৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে ছক্কার চেষ্টায় টপ এজ হয়ে ৩২ বলে ৫৭ রান (৫ চার, ৩ ছক্কা) করে আউট হন।

অধিনায়ক নুরুল হাসান সোহান ১৬ বলে ২২ রান করে ফয়সাল আকরামের দ্বিতীয় শিকার হন। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন, মাহফুজুর রহমান রাব্বি ও মৃত্যুঞ্জয় চৌধুরী কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। ফলে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই বাংলাদেশের ইনিংস থামে ১৪৮ রানে।

পাকিস্তানের হয়ে সাদ মাসুদ ও ফয়সাল আকরাম ৩টি করে উইকেট নেন, আর ওয়াসিম জুনিয়র শিকার করেন ২টি।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করে পাকিস্তান। ওপেনার খাজা নাফি ও ইয়াসির খান মিলে শতরানের ওপর জুটি গড়েন। রান আউটের আগে নাফি ৩১ বল খেলে ৬১ রান করেন। যাতে ৮টি চার ও ২টি ছক্কা (স্ট্রাইক রেট ১৯৬.৭৭) ছিল। অপর ওপেনার ইয়াসিরও ৪০ বলে ৬২ রানের খেলেন ঝোড়ো ইনিংস। তার ইনিংসে ৭ চার ও ২ ছক্কার মার ছিল।

তিনে নামা আব্দুল সামাদ ইনিংসের সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং করেন। মাত্র ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি, যেখানে ছিল ৫টি ছক্কা ও ১টি চার। শেষ দিকে মোহাম্মদ ফাইক (১৮) ও অধিনায়ক ইরফান খান (২৫) দ্রুত রান তুলে দলকে বড় সংগ্রহে পৌঁছে দেন।

বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান, হাসান মাহমুদ ও মাহফুজুর রহমান রাব্বি একটি করে উইকেট তুলে নিয়েছেন। জয় পেতে হলে বাংলাদেশ ‘এ’ দলকে এখন ২২৮ রানের কঠিন লক্ষ্য টপকাতে হবে।



Our Like Page