রাজধানীর খিলগাঁও এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— ঢাকা জেলার দোহার থানা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ (২৯), খিলগাঁও থানা ৩নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক জসিম খান (৩০), খিলগাঁও থানা ৭৪নং ওয়ার্ডের উত্তর নন্দীপাড়া রসুলবাগ ইউনিট যুবলীগের সদস্য সচিব সামিউল ইসলাম হৃদয় (৩০), খিলগাঁও থানা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব (৪২), খিলগাঁও থানা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লিটন (৪৭) ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো. আমিনুল ইসলাম রিফাত (২৮)।
খিলগাঁও থানা সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও থানাধীন নন্দীপাড়া বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে জসিম ও সামিউলকে ও রাত আনুমানিক সোয়া ১১টায় দক্ষিণ বনশ্রী এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, শনিবার দিবাগত রাত সোয়া ১২টায় খিলগাঁও সি ব্লক এলাকা থেকে আহসান হাবিব ও আমিনুল ইসলাম লিটনকে ও রাত আনুমানিক দেড়টায় খিলগাঁও তিলপাড়া থেকে আমিনুল ইসলাম রিফাতকে গ্রেফতার করে থানা পুলিশের অপর একটি টিম।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।