July 30, 2026, 10:29 am

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

মিডিয়া ভয়েস ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২১২ জনে দাঁড়ালো।

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের ৭ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। বাকি দুজনের একজন উত্তর সিটি করপোরেশনের এবং আরেকজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে ২০১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী রয়েছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৪৭ হাজার ২৫৬ জন।



Our Like Page