জাতীয় প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ, নিউজ টুডে’র সাবেক সিটি এডিটর বদিউল আলম আর নেই। আজ রোববার বার্ধক্যজনিত কারণে রাজধানীর ইস্কাটনের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রাত সাড়ে ৮ টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বদিউল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।