বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজী ছিলেন নির্ভীক এবং নেতৃত্বের গুণাবলি সম্পন্ন মানুষ। তিনি সততা, বিশ্বস্ততা এবং বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে দীর্ঘদিন সাংবাদিক সমাজে নেতৃত্ব দিয়েছেন। তার গ্রহণযোগ্যতা ছিল সর্বাধিক এবং সর্বমহলে।
মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক এই সভাপতির স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় বক্তারা এসব কথা বলেন।
জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এ শোক সভার আয়োজন করে। এতে বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতা, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
শোক সভায় বক্তারা বলেন, রুহুল আমিন গাজী বাংলাদেশের ইতিহাসে শুধু একজন বিশিষ্ট সাংবাদিক হিসেবেই নন, বরং যোগ্য নেতা হিসেবেও স্মরণীয় হয়ে থাকবেন। তিনি দেশের গণমাধ্যমে সাহসী ভূমিকা এবং সাংবাদিকতা পেশায় অনন্য অবদান রেখেছেন। গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষার জন্য সবসময় কাজ করেছেন। তার দীর্ঘ সাংবাদিকতার জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সংবাদ প্রকাশ এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সবসময় কথা বলেছেন।